এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। শোবিজ অঙ্গনে গুঞ্জন, ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি পূজা চেরি কিংবা তার পরিবারের কেউ।
বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা।
ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, কে সেই ব্যক্তি? যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
অবশ্য বাগদানের বিষয়টি পুরোপুরি নতুন নয়। এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি পূজা চেরি।
নতুন করে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন তিনি। এদিকে যদিও মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এ কারণেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও, পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে গুঞ্জন হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব