এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিন নীরব থাকার পর নিজের বিরুদ্ধে হওয়া প্রতারণার মামলা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি কেনা ও প্রচারণা সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করবেন।
গত ১২ জুলাই ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৯ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা।
অভিযোগে বলা হয়, শর্ত ছিল তিনি শাড়িটির প্রচারণা চালাবেন এবং মূল্য পরিশোধ করবেন। কিন্তু পরে আর কোনো যোগাযোগ না করায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীতে একটি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রথমবারের মতো কথা বলেন তানজিন তিশা। তিনি বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ভালো-মন্দ মিলিয়ে ১২-১৪ বছর কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি।’
এরপর সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিশা বলেন, ‘আমি কবে লিগ্যাল নোটিশ পেয়েছিলাম? যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ-ছয় দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে, যারা ওপরে উঠতে পারবে না, পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে অভিনেত্রী বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি? এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে একটা মেয়ের কাজ করে টিকে থাকা কি এত সহজ? মোটেও না।’
তিশা জানান, পুরো বিষয়টি তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করবেন। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব