চট্টগ্রাম প্রতিনিধি: মীরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের হাতে সোপর্দ না করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর মাধ্যমে ছেড়ে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত যুবকের নাম রেজাউল করিম (৩৫), তিনি মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে।
চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। আটকের পর তাকে মারধর বা পুলিশের হাতে তুলে না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসী।
স্থানীয়দের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করার পর তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। নামাজ শেষে তিনি ভবিষ্যতে আর কখনও চুরি বা কোনো অপরাধে জড়াবেন না বলে অঙ্গীকার করেন এবং তওবা করেন।
এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার তাকে ধরার পর আমরা তাকে শাস্তি দেওয়ার চেয়ে সংশোধনের সুযোগ দিতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই তাকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবদুল হালিম বলেন, ঘটনার আগে পুলিশকে কেউ অবহিত করেননি। চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে অবশ্যই পুলিশের কাছে হস্তান্তর করতে হয়। পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব