বগুড়া প্রতিনিধি: চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বগুড়ায় মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির নেতারা। তারা বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বগুড়ার টিএমএসএস অডিটোরিয়ামে বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর বোর্ডের সদস্য মো. আজিজুল হক রাজা।
সরকারি অধ্যাপক সাদিক আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, অধ্যক্ষ মঈন উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম রতন, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, ফেরদৌস আলম, আব্দুল লতিফ, শামিমা ইয়াসমিন, নাসের আলী, আব্দুল হান্নান ও হারুনুর রশিদ।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ চক্র এখনো সক্রিয় রয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। শিক্ষকদের ন্যায্য মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থে চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে দল-মত নির্বিশেষে দেশের সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নিয়ে সংগ্রাম কমিটি গঠন করে রাজপথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষকদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব