স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)।
শনিবার (১৮ জুলাই) সংগঠনের চেয়ারম্যান কায়সার হাসান ও মহাসচিব মো. আল-আমিন শাওন এক যৌথ শোকবার্তায় দৈনিক প্রাণের বাংলাদেশ’র সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত’র সাংবাদিক সাকিবুল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, দুই সাংবাদিকের অকাল মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। পেশাগত দায়িত্ব পালনে তাঁদের নিষ্ঠা, সততা ও সাহসিকতা সাংবাদিক সমাজে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও পেশাদারিত্ব ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করা হয়।
বিটিএসএফ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান। পরে তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংগঠনটি একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি