বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হোসেন আলী (৩৫) নামে এক গাছ ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
হোসেন আলী পৌর সদরের কলেজপাড়া মহল্লার হাফিজ উদ্দিনের ছেলে। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন বাজার পাইলট হাইস্কুল মোড়ে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব বাবু রফিক (২৮) আহত হন। ঘটনার পর রাত ১০টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হোসেন আলীকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে হোসেন আলীর পরিবারের দাবি, তাকে মারধর করে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় হোসেন আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানে হোসেন আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার হওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) মো. রাজু কামাল জানান, স্থানীয় জনতার সহায়তায় হোসেন আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।