স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে বল হাতে নিজের কোটা পূরণ করেননি পেসার নাহিদ রানা। মাত্র ২.৩ ওভার বোলিং করেন তিনি। তখনই তাকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
ম্যাচ শেষে নাহিদকে নিয়ে দুঃসংবাদ পাওয়া গেছে। তিনি মূলত চোটে পড়েছেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। আর গত ম্যাচে এ কারণেই বোলিং শেষ করতে পারেননি। আজ শনিবার জানা গেল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও থাকছেন না নাহিদ রানা। ইনজুরির কারণে বিশ্রামে রাখতেই এ সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
গতকাল ফিজিও বায়েজিদ বলেছিলেনন, 'নাহিদ রানা আজকের খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দেইনি। আগামীকাল পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর সিদ্ধান্ত নিব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।'
দ্বিতীয় ম্যাচে ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন নাহিদ রানা। আগের ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট।
রিপোর্টার্স২৪/ধ্রুব