নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র বা ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তাঁর ভাষায়, এমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বরুনকান্দি মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের সূচনা করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা মেধাবী এবং দেশের বাইরে পড়তে গিয়েও তারা সুনাম অর্জন করছে। তাই শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিলে বাংলাদেশও বিশ্বমানের শিক্ষা কেন্দ্র হয়ে উঠতে পারে। তিনি গবেষণার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানের কথাও উল্লেখ করেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি