জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম বাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমদই ইউনিয়নের মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মীরগ্রাম বাজারে মো. আবু তাহেরের দোকানে তল্লাশি চালিয়ে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুল ইসলাম, এএসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. সোহেল রানা।
এ ঘটনায় সিরাপগুলোর হেফাজতকারী হিসেবে গোলাম মোস্তফা (৬০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ফকিরপাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও ক্ষতিকর পণ্যের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি