স্টাফ রিপোর্টার: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সরকারি সিলমোহর জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে এক আইনজীবীসহ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নথি যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে আদালতের নির্দেশে মামলাটি করা হয়।
সোমবার (২০ জুলাই) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই শহিদুল ইসলামকে।
মামলার বাদী সিএমএম আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মো. খালিদ হোসেন। মামলায় মো. নয়ন, মোসা. রিমা এবং আইনজীবী মো. তরিকুল ইসলাম (তরু)সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুলাই ঢাকার ১১ নম্বর আদালতের নির্দেশে একটি বিয়ের হলফনামা আদালতের সংরক্ষিত রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হলে নথির অসঙ্গতি ধরা পড়ে। পরে যাচাইয়ে দেখা যায়, হলফনামায় উল্লেখিত স্মারক নম্বরের বিপরীতে আদালতের রেজিস্টারে অন্য ব্যক্তির নামে বৈধ হলফনামা নিবন্ধিত রয়েছে। এতে সংশ্লিষ্ট নথিটি জাল বলে নিশ্চিত হয় আদালত।
অভিযোগে বলা হয়, ঢাকার ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে ভুয়া হলফনামাটি তৈরি করা হয়। পরে সেটি ব্যবহার করে বরগুনার বামনা আমলি আদালতে একটি নালিশি (সিআর) মামলা দায়েরের চেষ্টা করা হলেও নথি যাচাই শেষে আদালত অভিযোগটি খারিজ করে দেন।
এ ঘটনায় প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরি ও ব্যবহারের অভিযোগে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাদী মো. খালিদ হোসেন বলেন, আদালতের রেজিস্টার যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালতের নির্দেশেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি