স্টাফ রিপোর্টার: করোনাকালে নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া করোনা রিপোর্ট ও সনদ দিয়ে প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া করোনা সনদ প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার প্রমাণ পায়। অভিযোগ ছিল, এভাবে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।
এর পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। একই বছরের ১৫ জুলাই ভারত পালানোর চেষ্টা করার সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটিতে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।
রিপোর্টার্স২৪/বাবি