স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ অনুমোদন করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদিত এ দুটি প্যাকেজের বিস্তারিত ঘোষণা করেন।
হজ প্যাকেজ-১
‘হজ প্যাকেজ-১’-এর আওতায় হজযাত্রীরা মক্কায় পবিত্র হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধা পাবেন। মদিনায় তাদের জন্য মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা থাকবে।
এ প্যাকেজে মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় মোয়াল্লেমের মাধ্যমে খাবারসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে।
সরকার জানিয়েছে, এ প্যাকেজে সাধারণত সৌদি আরবে অবস্থানের সময় হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজের সুবিধাও গ্রহণ করা যাবে।
এই প্যাকেজের মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)
সরকারি সাশ্রয়ী প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা করা হবে।
এই প্যাকেজে মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
ধর্মমন্ত্রী জানান, মক্কার হোটেল যদি হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি আরবের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা করা হবে।
এ প্যাকেজের মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সামর্থ্য ও প্রয়োজন বিবেচনায় রেখে দুটি ভিন্নধর্মী প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নিজেদের সুবিধা অনুযায়ী প্যাকেজ নির্বাচন করতে পারেন।
রিপোর্টার্স২৪/বাবি