নাটোর প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় (ক্যালেক্টরেট) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর অতিথিরা বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। এছাড়া বক্তব্য দেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, স্কাউট সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গাছ প্রকৃতির অপরিহার্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।
এবারের বৃক্ষমেলায় মোট ২৫টি স্টল অংশ নিয়েছে। মেলাটি আগামী ১০ দিন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব