বগুড়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বগুড়া ওয়াইএমসিএ’র ইপকপ প্রকল্পের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন বগুড়া ওয়াইএমসিএ’র সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
এসময় তিনি বলেন, পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ক্রমবর্ধমান দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। তিনি আরও বলেন, সমাজের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও ওয়াইএমসিএ এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।
ইপকপ প্রকল্পের ব্যবস্থাপক জাকির হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বগুড়া ওয়াইএমসিএ’র অর্থ সম্পাদক টোনাম সরকার, মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ রিপন, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব