ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার ছিট চিলারং এলাকায় এক মাদরাসা শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার বিকেলে স্বপরিবারে এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে বৃষ্টির কারণে রাতে আর বাড়ি ফিরতে পারেননি তিনি। পরদিন সকালে ফিরে দেখেন, স্টিলের আলমারির লক ভেঙে ও রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সহকারী অধ্যাপক মোছা. শিল্পী হক অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলার তথ্য অনুযায়ী, চুরির তালিকায় রয়েছে গচ্ছিত ৪০ হাজার নগদ টাকা, সাত ভরি ওজনের স্বর্ণালংকার এবং একটি বাটন মোবাইল ফোন। খোয়া যাওয়া এসব সামগ্রীর আনুমানিক মূল্য ১৬ লাখ ৪৫ হাজার টাকা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিল্পী হক রহিমানপুর সম্মিলিত ঈদগাহ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক। তাঁর স্বামী চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছিট চিলারং গ্রামের নিজ বাসায় বসবাস করেন। গত ১৮ জুলাই বিকেল চারটার দিকে তাঁরা নিজ বাসা তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যান।
সেদিন রাতে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় আত্মীয়ের অনুরোধে তাঁরা সেখানেই রাত্রিযাপন করেন। পরদিন ১৯ জুলাই সকাল সোয়া আটটার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। দুর্বৃত্তরা রান্নাঘরের ভেন্টিলেটরের ইট ভেঙে ঘরে প্রবেশ করে এবং স্টিলের আলমারির সিন্দুক ভেঙে এসব মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, গত ২০ জুলাই রাতে লিখিত এজাহারে দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অজ্ঞাতনামা চোরদের চিহ্নিত করা ও চুরিকৃত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব