কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার আইনশৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং, যানজট, অবৈধ মাটি কাটা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ইউএনও হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। এ সময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা মাদক কারবার, কিশোর গ্যাং, বিকট শব্দে মোটরসাইকেল চালানো, পরিবহনে চাঁদাবাজি, রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটা, উপজেলা সদরের পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং কাপাসিয়া বাজার এলাকায় তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এছাড়া রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে সামাজিকভাবে অপরাধ প্রতিরোধ, শিক্ষার্থীদের কাউন্সেলিং, পুলিশের টহল জোরদার এবং সাইবার বুলিং ও ভুয়া আইডির মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেসক্লাব ভবনের সংস্কার ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হলে নবাগত ইউএনও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সভায় ইউএনও হাফিজুল হক বলেন, সাংবাদিকরা সমাজ ও প্রশাসনের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলে প্রশাসন সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে।
সভা শেষে সাংবাদিকরা এলাকার উন্নয়ন ও জনস্বার্থে উপজেলা প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/বাবি