মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপূর্ব বিশ্বাস পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আড়পাড়া বাজারের এক আলু ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অপূর্বের স্ত্রী একটি বৈদ্যুতিক তারে তার শার্ট শুকাতে দেন। পরে দোকানে যাওয়ার সময় শার্টটি নামাতে গেলে বৈদ্যুতিক তার ছিঁড়ে তার শরীরে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্ত্রীর চিৎকারে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরজ আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই অপূর্বের মৃত্যু হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।