ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে গত কয়েক দিন ধরে দুটি বন্য হনুমানের বিচরণ দেখা যাচ্ছে। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা এসব বন্যপ্রাণীকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত হনুমানের আক্রমণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার মুনসুরাবাদ এলাকায় সরেজমিনে দেখা যায়, দুটি হনুমান রাস্তা ও বিভিন্ন গাছে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা খাবার দিলে তারা তা নিয়ে গাছের ডালে উঠে খাচ্ছে। তবে কিশোররা তাড়া করলে ভয়ে দ্রুত গাছ বা ঝোপে আশ্রয় নিচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী জিন্নাত আলী জানান, গত তিন দিন ধরে হনুমান দুটি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনো গাছের মগডালে, আবার কখনো জনবসতির কাছাকাছি অবস্থান করতে দেখা যাচ্ছে।
মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক সোহাগ মিয়া বলেন, সকালে স্কুলসংলগ্ন এলাকায় হনুমান দুটি দেখা যায়। শিশু শিক্ষার্থী ও অভিভাবকেরা নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রাণীগুলোকে দেখেছেন।
স্থানীয়দের ধারণা, বন্যা ও টানা বৃষ্টিতে প্রাকৃতিক আবাসস্থলে খাদ্যসংকট দেখা দেওয়ায় হনুমানগুলো লোকালয়ে এসেছে।
ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম বলেন, বনাঞ্চল উজাড় ও প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ায় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। পাশাপাশি বন্যাকালীন খাদ্যসংকটও এর একটি কারণ হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, বন্যপ্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং কোনো অবস্থাতেই তাদের ক্ষতি করা যাবে না। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের প্রতি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।