বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের বিভিন্ন নাগরিক সমস্যা ও সেবাবঞ্চনার বিষয় তুলে ধরতে অংশগ্রহণমূলক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ হলরুমে ‘কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের কথা’ শীর্ষক এ গণশুনানির আয়োজন করে এক্টিভিস্টা বাগেরহাট। অনুষ্ঠানে সহযোগিতা করে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা।
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা নিরাপদ সুপেয় পানির সংকট, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক, পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) সংস্কার ও কার্যকর ব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ, পুষ্টি বাগান কর্মসূচির স্বচ্ছ বণ্টন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন।
আয়োজকরা জানান, জরিপ, কী ইনফরম্যান্ট ইন্টারভিউ (কেআইআই), ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) এবং মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে এলাকার সমস্যার বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। পরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহাঙ্গীর হোসেন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম, বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, সংরক্ষিত নারী সদস্য মরিয়ম বেগম তারা এবং দুই ইউনিয়নের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের গণশুনানি স্থানীয় জনগণের সমস্যা সরাসরি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার কার্যকর মাধ্যম। এর মাধ্যমে সামাজিক জবাবদিহিতা, জনসম্পৃক্ততা ও অংশগ্রহণমূলক স্থানীয় শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।