লক্ষ্মীপুর প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মিল্লাত হোসেন (৪২) উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে একটি বহুতল ভবনের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান মিল্লাত হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান মিল্লাত হোসেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। কর্মস্থলের এই দুর্ঘটনায় তার সেই স্বপ্নের করুণ পরিসমাপ্তি ঘটে।
নিহতের ভাই মো. শরীফ হোসেন বলেন, ‘পরিবারের ভাগ্য বদলাতে আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিল। কাজের সময় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ কোনোদিন শুনতে হবে, তা কল্পনাও করিনি।’
এদিকে, মিল্লাত হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর সহায়তা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
মিল্লাত হোসেনের মৃত্যুর খবরে রামগঞ্জের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
রিপোর্টার্স২৪/বাবি