ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে জামালপুর ইউনিয়নের মহব্বতপুর ফুলভাষাপুকুর এলাকার একটি বাঁশঝাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন রিয়াজ (২৩) ও করিমুল (১৯)। তাঁদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বাকুন্দা এলাকায়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে সাতটার দিকে মহব্বতপুর ফুলভাষাপুকুরের উত্তর-পূর্ব পাশে একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
পরে তাঁদের দেহ তল্লাশি করে রিয়াজের পরনের জিনসের প্যান্টের পকেট থেকে পাঁচটি এবং করিমুলের প্যান্টের পকেট থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন ২ দশমিক ৪৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ৭০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুল হক বাদী হয়ে গতকাল রাতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণির ২৯(ক) অনুযায়ী মামলা করেন।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছেন বলে জানিয়েছেন। তবে তাঁদের এই বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব