ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের সিকিমের নামচি জেলায় এনএইচপিসির তিস্তা-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের পর ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২০ জুলাই হেডরেস টানেলে হঠাৎ সন্দেহজনক মিথেন গ্যাসের বিস্ফোরণ ও নির্গমনের ফলে এই বিপর্যয় ঘটে।
প্রাথমিক অনুমান অনুযায়ী, সুড়ঙ্গের ভেতর আটকে থাকা অবশিষ্ট অন্তত আরও ৩ জন শ্রমিককে উদ্ধারে বর্তমানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সিকিমের নামচি জেলার জেলা ম্যাজিস্ট্রেট অনুপা তামলিং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত মোট ২২টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই বিশেষজ্ঞ দলগুলো রাত দিন এক করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। গত বুধবার মধ্যরাত পর্যন্ত অনুসন্ধান অভিযান পরিচালিত হয়। উদ্ধারকাজে গতি আনতে ও কয়লা খনি অঞ্চলে কাজের অভিজ্ঞতাসম্পন্ন দল হিসেবে পশ্চিমবঙ্গ আসানসোলের ‘ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড’-এর দ্বিতীয় একটি বিশেষ রেসকিউ টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধারকার্যে অংশ নেয়।
ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা এনএইচপিসি-র পক্ষ থেকে এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। বর্তমানে এনএইচপিসির শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে রাজ্য ও কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।
সুত্র: দ্য হিন্দু
রিপোর্টার্স২৪/এম এইচ