বাগেরহাট প্রতিনিধি: সংবাদ প্রকাশের পর বাগেরহাটের সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন। তার লেখাপড়া অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও মানবিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা বাবু।
উল্লেখ্য, বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর থেকেই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।