স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের পরাজয়ের পরও বিতর্ক থামেনি। বিশ্বকাপজুড়ে রেফারিং ও ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে শুরু হওয়া একটি অনলাইন পিটিশন বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
‘Argentina Out’ বা ‘আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দাও’ শিরোনামের ওই পিটিশনে এক সপ্তাহেরও কম সময়ে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন স্বাক্ষর করেছেন। পিটিশনের প্রাথমিক লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর হলেও সেটি বহু আগেই ছাড়িয়ে যায়। আয়োজকদের দাবি, বিশ্বের প্রায় ১৭০টি দেশের মানুষ এতে অংশ নিয়েছেন।
পিটিশনে অভিযোগ করা হয়, পুরো বিশ্বকাপজুড়ে ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছেন। সেখানে লেখা হয়, বিজয়ীর নাম যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতায় অংশ নেবে? বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিয়ে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করুন।
মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে হারায় দারুণ খুশি হয়েছেন পিটিশনের আয়োজকরা। তারা পিটিশন শেষ করে বার্তা দেয়, ‘ ফিফা আমাদের কথা কান না দিলেও স্পেন কথা রেখেছে.... ধন্যবাদ স্পেন।’
তবে এটি ইতিহাসের সবচেয়ে বড় অনলাইন পিটিশন হয়নি। এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় পিটিশন হিসেবে এখনও জুবিলি ২০০০ ঋণ মওকুফ আন্দোলনের পিটিশনকে উল্লেখ করা হয়, যেখানে ২৪,৩১৯,১৮১ (২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১) জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।
যদিও এই পিটিশন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, ফিফা এ ধরনের অনলাইন পিটিশন মানতে বাধ্য নয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব