স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে হামলার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি এসআই ওসমান গনির মোবাইল ফোনে যোগাযোগ করে তার বাসার গেটের সামনে পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
এর একদিন পর বৃহস্পতিবার রাতে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার থেকে বাসায় ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায়ও এসআই ওসমান হামলাকারীকে ধাওয়া করেন, তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি