ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ রনি ওরফে কালু (২৪) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দাল কবরস্থান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক রনি হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের রব্বানির ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ কান্দাল বিওপির একটি টহল দল এই অভিযান চালায়। নায়েক সিগন্যাল মোঃ রতনের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৩৫৮/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ‘কান্দাল কবরস্থান’ নামক স্থানে অবস্থান নেয়।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রনিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দ করা মাদক ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৬৩ হাজার টাকা।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান ও মানব পাচার রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান জোরদার রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঠাকুরগাঁও সীমান্তে এই ধরনের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব