ফেনী প্রতিনিধি: রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে মনে করেন না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ করার অধিকার রয়েছে। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা তিনি জানেন না।
শনিবার (২৫ জুলাই) ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ করার অধিকার আছে। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা আমি জানি না। তিনি বলেন, এ পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে তাঁর মনে হয় না।
অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের উন্নতি করতে হলে আগে সম্পদ সৃষ্টি করতে হবে। আর সম্পদ সৃষ্টির জন্য সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। তাঁর অভিযোগ, গত ২০ বছর একটি দল এককভাবে সম্পদ সৃষ্টি করে তা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুক্তির পথ তৈরি করতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। সরকারি কর্মকর্তাদের দিয়ে দেশে সম্পদ সৃষ্টি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল করতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান বাড়ানো না গেলে চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার কমানো কঠিন হবে।
অনুষ্ঠানে ফেনী চেম্বারের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নেন। অনুষ্ঠানের আহ্বায়ক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এবং পরিচালক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, এফবিসিসিআইয়ের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ফেনী চেম্বারের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ, সাবেক সহসভাপতি জাফর উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
রিপোর্টার্স২৪/বাবি