জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও পথসভা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
রোববার (২৬ জুলাই) জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জলঢাকা উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় চত্বরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
কৃষক দল জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস।
জলঢাকা উপজেলা কৃষক দলের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহীন চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহ্নু মাসুদুল আলম (দুলাল), সদস্যসচিব মো. ওলিউর রহমান হেলাল ও সদস্য মো. ফরহানুল হক। এ ছাড়া জেলা ও স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, জলঢাকা পৌর কৃষক দলের সভাপতি মো. নুরনবী বাবু, সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। বিশেষ করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ এবং সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কৃষক দলের নেতারা বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূল পর্যায়ে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় তাঁরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/বাবি