এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। নিট (এনইইটি) পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর পদত্যাগ দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরের পর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ফায়ে ডিসুজার একটি পোস্টে হাততালি ও হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘তরুণদের শক্তি।’
দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি উপস্থিত ছিলেন। নয়াদিল্লির জন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের পাশাপাশি সমাজকর্মী সোনম ওয়াংচুকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তাঁর বক্তব্যের মূল সুর ছিল—তরুণদের ঐক্য পরিবর্তন আনতে পারে।
অভিনেতা বিজয় ভার্মা জনপ্রিয় গান ‘আচ্ছা চলতা হুঁ, দুয়াওঁ মে ইয়াদ রখনা’ গানের লাইন উদ্ধৃত করে নিজের প্রতিক্রিয়া জানান।
অভিনেত্রী তিলোত্তমা সোম বলেন, ভারতের তরুণদের নেতৃত্বে ইতিহাস সৃষ্টি হয়েছে। তরুণদের শক্তি অপচয় হয়—এমন প্রচলিত ধারণার অবসান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেতা ইশান খট্টর ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা একটি ছবির সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আজ ভারত জিতেছে, গণতন্ত্র জিতেছে।’ অভিনেত্রী অদিতি রাও হায়দারিও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান।
নয়াদিল্লির জন্তর মন্তরে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনে শিক্ষার্থীরা নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগের পাশাপাশি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন। আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে শিক্ষার্থী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে দেখছেন অনেকে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তারকাদের প্রকাশ্য প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন এবং তরুণদের সম্মিলিত শক্তির বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।
রিপোর্টার্স২৪/বাবি