বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার দখল ও ভরাট হয়ে যাওয়া সরকারি খালগুলো দ্রুত দখলমুক্ত, পুনরুদ্ধার ও জনস্বার্থে উন্মুক্ত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা। এ দাবিতে রোববার (২৬ জুলাই) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাক্টিভিস্টার সদস্য শেখ ইমরান। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা বাগেরহাটে প্রায় ৫৪৭টি খাল রয়েছে। একসময় এসব খাল কৃষিতে সেচ, বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও নৌ-যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে অধিকাংশ খাল প্রভাবশালী মহলের অবৈধ দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে।
তিনি বলেন, কোথাও মাছের ঘের নির্মাণ, কোথাও অবৈধ স্থাপনা এবং কোথাও খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা বাড়ছে। একই সঙ্গে কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
শেখ ইমরান আরও বলেন, বাগেরহাট পৌরসভার বাদিয়ার খাল, লিয়ার খাল, পুটিমারি খালসহ ষাটগম্বুজ ও ডেমা ইউনিয়নের শতাধিক খাল দখল ও ভরাটের কারণে সংকটাপন্ন। সরকারের চলমান খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু পুনঃখনন করলেই হবে না; সরকারি রেকর্ডভুক্ত খালগুলো দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় পুনঃখননের সুফলও দীর্ঘস্থায়ী হবে না।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে, দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা অভিযোগ করেন, খাল দখলমুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সরকারি খালগুলো জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেওয়া হয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২৭ ও ২৮ জুলাই বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে অ্যাক্টিভিস্টার সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, আবু হুয়রায়রা শেখ, আবিদা ইসরাত জয়া, সীমা খাতুন, ছাব্বির শেখ, শান্তা খাতুন, সুমাইয়া ইসলাম মিম ও অমিত শীলসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি