শেরপুর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, সরকারের সবকিছু করার ইচ্ছা থাকলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সীমিত সম্পদের মধ্যেই উন্নয়ন কাজ করতে হচ্ছে। বিদ্যমান বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব, ততটুকু কাজ করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের (পিআইও) অধীনে সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় এম ইকবাল হোসেইন বলেন, “আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।”
তিনি বলেন, জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কাজ অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সড়ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
রিপোর্টার্স২৪/ঝুম