বগুড়া প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেছেন, নাগরিক সেবায় কোনো ধরনের তুচ্ছতাচ্ছিল্যের সুযোগ নেই। সেবা প্রত্যাশী মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি বজায় রেখে নাগরিক সেবাকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ধানসিঁড়ি সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা।
সভায় প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, মশক নিধন কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ এবং জনসেবাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, ওয়ার্ড সহায়ক সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও শাহীন আলম সাজু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভা পরিদর্শনের সময় জেলা প্রশাসক সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পৌরসভা ও উপজেলা ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, ৫৩ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে। বুড়ইল ইউনিয়নের সিধইল খাল এবং ভাটরা ইউনিয়নের শালুকা খাল পুনরুদ্ধারে সরকারের বরাদ্দ ছিল ১ কোটি ২৩ লাখ টাকা। কাজ শেষে প্রায় ৬০ লাখ টাকার বেশি অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/রাফিদ