কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুরে অবস্থিত শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শনিবার (১ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে মিড-ডে মিল বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হিরু, ড্যাব নেতা ডা. শাহ আলম, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শামসুল আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি শিক্ষিত ও আদর্শ জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কালিহাতীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” তিনি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল বিতরণ করা হয়। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ