যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে ওয়ারিশি সম্পত্তি ও বসতভিটা জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্নেহলতা পারভীন বিউটি। তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের সুযোগ নিয়ে ব্যারিস্টার এ কে এম মোর্তজা রাসেল প্রভাবশালীদের মদদে তাদের পরিবারের দুই ভাই ও তিন বোনের ওয়ারিশি জমি এবং বসতভিটার বড় অংশ জোরপূর্বক দখল ও আত্মসাৎ করেছেন। একই সঙ্গে অবশিষ্ট সম্পত্তি দখলের চেষ্টা এবং প্রতিবাদকারীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রোববার (২ আগস্ট) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে স্নেহলতা পারভীন বিউটি (৪৮)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মরহুম হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি আইন অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়। তবে ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধের একপর্যায়ে বিষয়টি আদালতে বিচারাধীন হয়। এ অবস্থায় ব্যারিস্টার এ কে এম মোর্তজা রাসেল প্রভাব খাটিয়ে তাদের পরিবারের দুই ভাই, তিন বোনসহ মায়ের ওয়ারিশি সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে স্থানীয় ২০ থেকে ২৫ জন সশস্ত্র ব্যক্তির সহায়তায় প্রায় ২২ বিঘা জমি ও বসতভিটার বড় অংশ জোরপূর্বক দখল করেন বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, অভিযুক্তরা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ‘ফিল্মি স্টাইলে’ জমি দখল করেন। যাদের মধ্যে- বাবুরালি, মানিক, কাজেম, দুখু, রবিউল অন্যতম। ২০২৩ সালের ১৮ জুন মাঠের জমি এবং ২০২৪ সালের ১৬ মার্চ বসতভিটার অধিকাংশ অংশ দখল করা হয়। এতে বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্নেহলতা পারভীন আরও অভিযোগ করেন, সম্প্রতি অভিযুক্তরা অবশিষ্ট সম্পত্তিও দখলের চেষ্টা করছেন। প্রতিবাদ করলে তাকে ও পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া, প্রাণনাশের হুমকি এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, ব্যারিস্টার এ কে এম মোর্তজা রাসেল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম এবং পুলিশের কয়েকজন অসাধু সদস্যকে প্রভাবিত করে তাদের পরিবারের ওপর হুমকি, হয়রানি ও নির্যাতন চালাচ্ছেন। এসব ঘটনার বিচার চেয়ে বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা বিএনপির সভাপতির কাছেও পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দখল হওয়া সম্পত্তি উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব