বগুড়া প্রতিনিধি: ‘রক্তাক্ষরে জুলাই’ উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের সৈয়দ মুজতবা আলী ১০ তলা ভবনের সামনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হাসান তামিম, সেক্রেটারি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাঙ্গা, প্রচার ও মিডিয়া সম্পাদক আবু তালহা আফনানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাকিব হাসান তামিম বলেন, ছাত্রসমাজের ওপর জুলুম-নির্যাতন, গুম ও হত্যাকাণ্ড চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেওয়ার পর সরকার রাষ্ট্রীয়ভাবে ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাঁর ভাষ্য, আইন, দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের মাধ্যমে একটি আদর্শিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তিনি আরও বলেন, মাত্র চার দিনের ব্যবধানে যারা সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল, তারাই জনগণের তীব্র প্রতিক্রিয়ার মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
তিনি আরও দাবি করেন, গণভোটের পক্ষে ৭০ শতাংশ মানুষ মত দিয়েছে এবং এ বিষয়ে ৩০টি রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। তাঁর মতে, গণভোটের আইনি রূপরেখা বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করা জনগণের দাবি। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
কলেজ শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক আবু তালহা আফনান জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সরকারি আজিজুল হক কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ