বগুড়া প্রতিনিধি: মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনে নিরাময় কেন্দ্রগুলোর ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে বগুড়ায় “মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। মুখ্য আলোচক ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক মো. জিললুর রহমান।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলমসহ বগুড়া জেলার লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর পরিচালক ও প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন বলেন, বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে কাজ করার পাশাপাশি তাদের কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ক্যাটাগরিভিত্তিক পুরস্কারের ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সমাজে পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। এ ক্ষেত্রে বগুড়া সিটি কর্পোরেশন ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব