অনলাইন ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জাল নথি তৈরি ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার সময় সৈয়দ জগলুল পাশার ওপর নজরদারি চালানো হয়। পরে বিমানবন্দর এলাকায় রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ‘অপারেশন ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ডিবি।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ