দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের পরিবার ও বীর আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহিলা দলের সভাপতি সুফিয়া খাতুন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান এবং কেন্দ্রীয় যুবশক্তির নেতা নাজমুল হাসান নাহিদ।
গণঅভ্যুত্থানের স্মৃতি ও আবেগঘন অনুভূতি প্রকাশ করে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা শফিকুল ইসলাম, শহীদ রায়হান রাব্বির বাবা ফজর আলী, শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার। এছাড়াও সংবর্ধিত আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক আক্তার হোসেন, তানভীর হাসান তুষার, সিয়াম আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান সরকার, কাজী নাছির, জহিরুল ইসলাম ও মো. মিরাজ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব