বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে দুইটি স্বর্ণের বারসহ মোবারক হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় বেনাপোল আইসিপির বহির্গমন টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আটক মোবারক হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার চর শান্তসপুর (পঞ্চসার) এলাকার তাজউদ্দীনের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা দুইটি স্বর্ণের বারের মোট ওজন ২০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছিল। বহির্গমন টার্মিনালে তার আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা সদস্যরা এনএসআইয়ের সহযোগিতায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শরীরের ভেতরে অতিরিক্ত স্বর্ণ বহন করা হয়েছে কি না তা নিশ্চিত হতে তাকে স্থানীয় একটি ক্লিনিকে এক্স-রে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় শরীরের ভেতরে আর কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেনের বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে। তবে আধুনিক স্বর্ণ শনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পাচারকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এ কারণে কার্যকরভাবে স্বর্ণ পাচার প্রতিরোধে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক স্ক্যানিং ও স্বর্ণ শনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব