বগুড়া প্রতিনিধি: গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, কথিত ভুতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বগুড়ার ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে বগুড়া আইন কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় অনুষ্ঠিত অবস্থান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক-এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার আহ্বায়ক এম এস এ মাহমুদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাওহীদুল ইসলাম, এলডিপির জেলা সেক্রেটারি মো. আনিছুর রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মো. সেলিম রেজা, অফিস সেক্রেটারি মাওলানা হামিদ বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি মো. আজগর আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, হঠাৎ করে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট কেন সৃষ্টি হলো, সে বিষয়ে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি অভিযোগ করেন, টানা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত থাকায় সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা চরম ভোগান্তির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, একই সময়ে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ মূল্যবৃদ্ধির পেছনে অবৈধ মজুতদারি, সিন্ডিকেট বা কৃত্রিম সংকট রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং কথিত ভুতুড়ে বিল নিয়েও সমালোচনা করে তিনি বলেন, প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিলের অভিযোগ বাড়ছে। তাই বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল আদায়ের বিষয়ে সরকারকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংকটকালে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/নাঈম