ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার তেল ও অন্যান্য জ্বালানি কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে। শুক্রবার চূড়ান্ত ভোটাভুটিতে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। এখন এটি মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পেশ করা হবে। দুই কক্ষে বিলটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হতে পারে।
বিলটিতে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল বা অন্যান্য জ্বালানি কেনা দেশগুলো পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থন করছে। এ কারণে এসব দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। আইন কার্যকর হলে রুশ জ্বালানি কেনা দেশগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে থাকবে।
বিলটি নিয়ে মার্কিন সিনেটে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। প্রায় এক সপ্তাহ আগে একটি ভোটাভুটিতে বিলটির পক্ষে ৮৬টি এবং বিপক্ষে ১২টি ভোট পড়ে। এরপর শুক্রবার চূড়ান্ত ভোটে ৮৬-১১ ব্যবধানে বিলটি পাস হয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জ্বালানি আয়ের ওপর চাপ তৈরি করে যুদ্ধের অর্থায়ন সীমিত করাই প্রস্তাবিত ব্যবস্থার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে ওয়াশিংটন।
সিনেটে বিলটি পাস হওয়ার পর ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন সিনেটর বলেন, ইউক্রেনের মানুষ একা নয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেন দখল করতে পারবেন না।
প্রস্তাবিত আইনের প্রভাব পড়তে পারে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা দেশগুলোর ওপর। বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন এবং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এছাড়া স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান ও জাপানও রুশ জ্বালানির ক্রেতা হিসেবে রয়েছে।
বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষর পেলে তা আইনে পরিণত হবে। এরপর রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর বিরুদ্ধে প্রস্তাবিত শুল্ক আরোপের পথ খুলে যাবে।
রিপোর্টার্স২৪/এম এইচ