স্টাফ রিপোর্টার: এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, ব্রিগেডিয়ার আজমীসহ অনেক বন্দিকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। আমাদের তদন্তে বিভিন্ন সাক্ষীর বর্ণনা থেকেও এসব তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে এসব তথ্য বিচারের প্রক্রিয়ায় প্রতিফলিত হবে।
আজ শনিবার (৮ আগস্ট) ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে জেআইসি সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ জন বিচারপতিসহ প্রসিকিউশন দল। পরে সাংবাদিকদের এসব তথ্য দেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, জেআইসি নামের প্রতিষ্ঠানটিই ছিল মানুষকে ধরে এনে বন্দি করে নির্যাতন চালানোর একটি কেন্দ্র। যা পরবর্তীতে সর্বজন পরিচিত ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়। সেখানে কীভাবে অমানবিকভাবে বন্দিদের ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকের পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা হলেও অনুভব করা গেছে।
চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে যাতে আর কোনো টিএফআই সেল, জেআইসি সেল বা তথাকথিত ‘আয়নাঘর’ প্রতিষ্ঠিত না হয়, তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিক অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি বলেন, তবে কেউ যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন। কোনো নাগরিক যেন আইনশৃঙ্খলা বাহিনীর অযথা হয়রানির শিকার না হন এবং দিনের পর দিন, মাসের পর মাস কোনো বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা না হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ