স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার সমর্থকদের হতাশা কতটা তীব্র ছিল, তারই এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। নিজের পরিচয় গোপন রেখে প্রায় এক ঘণ্টা এক সমর্থকের মুখে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা শুনেছেন তিনি। সবচেয়ে মজার বিষয়, ওই সমর্থক জানতেনই না যে যার সামনে বসে আর্জেন্টিনা দলকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন, তিনি নিজেই জাতীয় দলের একজন খেলোয়াড়।
বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পর নিজ এলাকায় ফিরে একটি গাড়ির গ্যারেজে যান মেদিনা। সেখানে গ্যারেজ মালিক তাকে মাতের কাপ (মাতের কাপ হলো দক্ষিণ আমেরিকার জনপ্রিয় ঐতিহ্যবাহী পানীয় মাতে পান করার বিশেষ পাত্র) দিয়ে স্বাগত জানান। কাপটিতে আর্জেন্টিনা জাতীয় দলের তিনটি তারকার প্রতীক ছিল। সেটি দেখেই বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ ওঠে।
গ্যারেজ মালিক তখন আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তার দাবি ছিল, জাতীয় দলের খেলোয়াড়েরা ইচ্ছা করেই স্পেনের কাছে ফাইনাল হেরে বিশ্বকাপের শিরোপা ছেড়ে দিয়েছেন। এমনকি ক্ষোভের একপর্যায়ে খেলোয়াড়দের ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দেন তিনি।
পুরো বিষয়টি চুপচাপ শুনছিলেন মেদিনা। নিজের পরিচয় প্রকাশ না করে বরং ওই সমর্থককে আরও কথা বলতে উৎসাহিত করেন। একপর্যায়ে তিনি জানতে চান, কেন তার মনে হচ্ছে আর্জেন্টিনা ইচ্ছা করে ম্যাচটি ছেড়ে দিয়েছে।
এর মধ্যেই গ্যারেজের পাশের একটি বেকারি থেকে বের হওয়া এক প্রতিবেশী মেদিনাকে চিনে ফেলেন। পরে তিনি গ্যারেজের মালিককে বিষয়টি জানান। তখনই সে বুঝতে পারেন, এতক্ষণ যার সামনে বসে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা করা হচ্ছিল, তিনি আসলে আর্জেন্টিনা দলেরই ডিফেন্ডার মেদিনা।
বিষয়টি জানার পর তিনি বিব্রত হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে মেদিনা নিজেই তার কাছে এগিয়ে যান। তবে কোনো রাগ বা বিরক্তি প্রকাশ না করে তাকে শান্ত করেন।
মেদিনা তাকে বোঝান, আর্জেন্টিনার খেলোয়াড়েরা কখনোই ম্যাচ ছেড়ে দেননি। বরং বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছিলেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন।
মেদিনার এই অভিজ্ঞতা ফাইনালের পর আর্জেন্টাইন সমর্থকদের হতাশার গভীরতাও তুলে ধরে। অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলেই ব্যবধান গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত সেটিই স্পেনের শিরোপা নিশ্চিত করে।
ফাইনালে অবশ্য শুরু থেকে মাঠে ছিলেন না মেদিনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ক্রিশ্চিয়ান রোমেরোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর ম্যাচের বাকি সময় ও অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার রক্ষণ সামলান এই ডিফেন্ডার।
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলকে ঘিরে নানা গুঞ্জন ও ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে পড়ে। দলের অভ্যন্তরীণ পরিবেশ, খেলোয়াড়দের সম্পর্ক এবং ম্যাচের ফল নিয়ে নানা দাবি ওঠে। তবে মেদিনা এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশে ফিরে তার স্পষ্ট বার্তা ছিল—‘বাজে কথা বিশ্বাস করবেন না।’ একই সঙ্গে দলের ভেতরের পরিবেশ ভালো ছিল বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব