রিপোর্টর্স২৪ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। দেশের মোট শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বড় অংশই এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর পাশাপাশি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানেরও কোনো শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি।
এ ছাড়া দেশের বাইরে একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
সব মিলিয়ে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানই ২২৬টি। অর্থাৎ শূন্য পাসের তালিকায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সামগ্রিক ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের এই চিত্র সামনে আসে।
রিপোর্টর্স২৪/ঝুম