শেরপুর প্রতিনিধি: সারাদেশের মতো শেরপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলার এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে শেরপুর আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে শেরপুর জেলা থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ২৭৭ জন। জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন শিক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৯৯ জন। পাসের হার ৪৮ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
তবে জেলার চারটি মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো—শহীদ আইজ উদ্দিন দাখিল মাদ্রাসা, বৈষ্ণবনগর দাখিল মাদ্রাসা, রৌহা দাখিল মাদ্রাসা ও দশকাহনিয়া বালিকা দাখিল মাদ্রাসা।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় শেরপুর থেকে অংশ নেয় ১ হাজার ১৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬২৬ জন। পাসের হার ৫০ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
জেলার সামগ্রিক ফলাফলে একদিকে ভালো ফল করা প্রতিষ্ঠানগুলো যেমন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে, অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনায় শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব