রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের অতীত রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ বিষয়টি অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে উপস্থাপন করেছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। দুই দেশের সম্পর্ককে আরও কার্যকর ও পারস্পরিক স্বার্থভিত্তিক করতে হলে বিদ্যমান বিভিন্ন প্রশ্ন ও সংশয় দূর করার উদ্যোগ নেওয়া দরকার।
শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বক্তব্যের পর বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে ভারতের পক্ষ থেকে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।
তথ্য উপদেষ্টার মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অতীতে বিভিন্ন সময়ে ভারতের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে যে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও স্বচ্ছ ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এগিয়ে নিতে এসব বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট সরকারের সঙ্গে হওয়া উচিত নয়। বরং এ সম্পর্ক হতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে। জনগণের স্বার্থ, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তার মতে, পরিবর্তিত বাস্তবতায় দুই দেশের সম্পর্কের কাঠামো ও পারস্পরিক বোঝাপড়াকেও নতুনভাবে বিবেচনা করা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/ঝুম