রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে সরকার। বিশেষ করে এনার্জি সেক্টরে দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী।’
দেশের বর্তমান সংকটকে কেন্দ্র করে কেউ যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করে—এমন সতর্কবার্তাও দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের ক্রাইসিস মোমেন্টে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশে বলতে চাই, দেশের সংকট বাড়িয়ে দিয়ে আপনারা কিছু হাসিল করতে পারবেন না।
আগের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, অতীতের সরকার উন্নয়নের কথা বলে ১৬ বছর ক্ষমতায় ছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, যেখানে অর্থ উপার্জনের সুযোগ ছিল, সেখানেই উন্নয়ন করা হয়েছে।
দেশের চলমান গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল) বন্ধ হয়ে যাওয়ার পর সারা দেশে গ্যাসের জন্য হাহাকার তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গ্যাস সংকট নিয়ে শিল্পমালিকদের সঙ্গে সরকার বসবে।
মন্ত্রী বলেন, শিল্প খাতে যাতে গ্যাস সংকটের কারণে বড় ধরনের ক্ষতি না হয়, সেদিকে সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। দেশের শিল্পমালিকরা যেন বিপদে না পড়েন এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়েও সতর্কতার সঙ্গে এগোনোর কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এসব প্রকল্পের কারণে অনেক ক্ষেত্রে অর্থায়ন বন্ধ হয়ে গেছে।
তবে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতের ক্ষেত্রে সরকারের অবস্থান অনেক বেশি সক্রিয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সোলারের ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ।’ সৌরবিদ্যুৎ খাতকে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ উপযোগী করতে সরকার ইতোমধ্যে কাজ করেছে।
তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ খাতের জন্য মাত্র দুই মাসের মধ্যে নীতি তৈরি করা হয়েছে। সেই নীতিতে সরকার যা বলেছে, তা বাস্তবায়ন করা হবে। সৌরবিদ্যুতের বিস্তারকে আরও গতিশীল করতে ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারাদেশে সোলার ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় একদিকে যেমন বেসরকারি বিনিয়োগ বাড়ানো হবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে শিল্প ও অর্থনীতির স্বার্থ বিবেচনায় নিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নেও সরকার কাজ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম