স্টাফ রিপোর্টার: দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকদের একাংশ। এ সময় তারা আসাদুজ্জামানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বিক্ষোভকারী চিকিৎসক ও শিক্ষার্থীরা তার কক্ষে অবস্থান নেন।
পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাদের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে যান।
বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পরিচালক আসাদুজ্জামান ‘ফ্যাসিস্টদের সহযোগী’। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় তিনি বাধা দিয়েছেন। সম্প্রতি তিনি হাসপাতালের এক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বদলি ঠেকিয়েছেন। কারণ তারা দুর্নীতির অংশীদার।
একজন প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে গতকাল বিকেলে এই অস্থিরতার সূত্রপাত হয়।
বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, বদলির আদেশ জারির পর কয়েকজন চিকিৎসক ওই কর্মকর্তার কক্ষে তালা দিতে যান। সে সময় এক কর্মচারী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।
ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, শিগগির জটিলতা নিরসন হবে। সবাই কাজে ফিরে গেছেন। সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বৈঠকে বসেছেন। তারা পরে বিস্তারিত জানাবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব