বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নাগরিকদের স্বাস্থ্যসেবা, সুপেয় পানির ব্যবস্থা, মানবসম্পদ উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাজেটের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যানের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।
গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সহসভাপতি তসলিমা আক্তার বৃষ্টির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহসাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গৌরম্ভা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ এবং ইউপি সদস্য মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, মো. আব্দুল হালিম, সংরক্ষিত নারী সদস্য তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণের নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
সভায় বক্তারা বলেন, গৌরম্ভা ইউনিয়ন একটি দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে লবণাক্ততা, ফসলহীনতা, নদী ভরাট, মরুকরণ এবং ভূগর্ভস্থ ও সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। অপুষ্টি ও পানিবাহিত বিভিন্ন রোগের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এসব সংকটের ফলে এলাকা থেকে মানুষের অভিবাসনও উদ্বেগজনক হারে বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনে বর্ণি সায়রাবাদ ও প্রসাদনগরে পানির প্ল্যান্ট স্থাপন, গৌরম্ভা বাজারে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সবুজায়নের লক্ষ্যে গৌরম্ভা ব্রিজ থেকে কন্যাডুবি পর্যন্ত সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও পরিচর্যা, কৃষি সেচ, খাল পুনঃখনন, নারী উদ্যোক্তা তৈরিতে সেলাই মেশিন বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের মতো বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম সচল রাখতে নিয়মিত কর পরিশোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি নাগরিকদের সময়মতো কর প্রদানের আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব