ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক চার ঘটনায় এক তরুণসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুকুরে ডুবে, দুজন বিষ ও ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে এবং একজন গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। গত বুধবার ও আজ বৃহস্পতিবার জেলার সদর ও রানীশংকৈল উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও ঘটনার শিকার পরিবারগুলোর সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা উপজেলার জমিদারপাড়ার বাসিন্দা তাজুল ইসলাম (১৮) বুধবার বাবার সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায় মামার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। ঘাটে তাঁর স্যান্ডেল, কাপড় ও মুঠোফোন পড়ে থাকতে দেখে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে তিনটার দিকে পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পারিবারিক অভাব-অনটন ও ঋণের কারণে সদর উপজেলার আকচা কাজীপাড়া গ্রামের হাফিজুর রহমান (৫৩) নামের এক ব্যক্তি ঘাস মারার বিষ পান করেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি সবার অজান্তে বিষ পান করলে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দিনাজপুর হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের মহসিন আলী (৪১) ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা গেছেন। আজ দুপুরে স্বজনেরা বিষয়টি জানতে পেরে তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া রানীশংকৈল উপজেলার কিসমত সিন্দাগড় গ্রামে রুপালি রাণী (৩২) নামের এক নারী ঘরের চালের ধরনার সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর স্বামী শেমল চন্দ্র রায় জানান, রুপালি দীর্ঘদিন ধরে শারীরিক, হৃদরোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল থানা-পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। লাশ উদ্ধার ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব